নৌ-অঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত

3

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামসহ ঢাকা ও খুলনা নৌ অঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার এসব অঞ্চলে এ দিবস পালিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদসমূহে বাদ ফজর মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদগণের আত্মার মাগফেরাত, দেশের সুখ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন উপলক্ষে সকালে খুলনা নৌ অঞ্চল কমান্ডার মুক্তিযুদ্ধে শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল্লাহ্র মাজারে ‘গার্ড অব অনার’ ও পুস্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি খুলনায় বানৌজা তিতুমীর ঘাঁটিতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা,খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পদবীর সামরিক কর্মকর্তারা ছাড়াও খুলনা বিভাগের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় বিশ্ববিদ্যালয়সম‚হের উপাচার্য ও উপ-উপাচার্যগণ, বিভিন্ন স্কুল ও কলেজসমূহের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সস্ত্রীক উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটিসমূহে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী স্কুল ও কলেজসমূহে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকার সদরঘাটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা পদ্মা এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা অতন্দ্র দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিপুল সংখ্যক জনসাধারণ নৌবাহিনীর জাহাজসমূহ ঘুরে দেখেন।