ক্রীড়া প্রতিবেদক
জাতীয় বাস্কেটবলের শিরোপা অক্ষুন্ন রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সাগরিকাস্থ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুিষ্ঠত ফাইনাল খেলায় বিমান বাহিনীকে ৮৩-৬০ পয়েন্টে পরাজিত করে টানা অষ্টম এবং মোট ১১ বারের মত চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী।
চট্টগ্রামের সাগরিকায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে ৩০ তম জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্টিত হয়।
জাতীয় দলের আট খেলোয়াড় নিয়ে গঠন করা নৌবাহিনী দল খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে এবং ফেভারিট হিসেবে প্রত্যাশিতভাবেই খেলা শেষে ৮৩-৬০ পয়েন্টে জয়লাভ করে।
প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
তারুণের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীঙা সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ (পুরুষ) ইভেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌ বাহিনীর খেলোয়াঙ মিথুন কুমার বিশ্বাস।
সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন পুলিশ কমিশনার, সিএমপি হাসিব আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি (ভারপ্রাপ্ত) আসিফ আজিজ এবং সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.)। জেলা ক্রীঙা অফিসার, চট্টগ্রাম ও সদস্য সচিব, সিজেকেএস আবদুল বারীর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফয়সাল আজিম। আয়োজক কমিটির প্রধান নির্বাহী, সিজেকেএস বাস্কেটবল উপ-কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, সিজেকেএস বাস্কেটবল উপ-কমিটির ভাইস চেয়ারম্যান কুইন্টেন রিবেরো, যুগ্ম সম্পাদক রবিউল হাসান বাবলু, সদস্য ইমরুল কায়েস, রুমেল রাশা, নুরুল হুদা, সিজেকেএস সহ প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।











