নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক এবং বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ৫ মিনিট ১ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানান।
ভিডিও বার্তায় লেয়াকত আলী বলেন,আমি ৪১ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। নেতাদের ড্রয়িংরুমে হাজিরা দিতাম না বলে ড্রয়িংরুম পলিটিক্সে বারবার পরাজিত হয়েছি।
তিনি দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তিনি সবসময় বাঁশখালীবাসীর পাশে থেকেছেন এবং তাদের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন।
তিনি বলেন, আমার প্রিয় বাঁশখালীবাসী আমাকে আশাহত করবে না। আমি কৃষকের ঘরে জন্ম নেওয়া, শ্রমিকের তত্ত¡াবধানে বড় হওয়া রাজনৈতিক কর্মী। রাজনীতি আমাকে ছুড়ে ফেললেও আপনারা আমাকে বুকে টেনে নিয়েছেন। আপনারা আমাকে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ আমার কাছে আদেশ। তাই আজ পরিষ্কারভাবে বলছি, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমি অংশ নেব।
এর আগেও, ২২ নভেম্বর বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ওই জনসভা আয়োজন করেছিল বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
এদিকে, কন্দ্রীয়ভাবে বাঁশখালী আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গত ৩ নভেম্বর কেন্দ্রীয়ভাবে বাঁশখালী আসনে বিএনপি মিশকাতুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। এই ঘোষণার পর থেকে দলের অভ্যন্তরে বিরোধ জমে উঠেছে, যা স্থানীয় পর্যায়ে মশাল মিছিল এবং সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থিতার আলোচনায় রূপ নিয়েছে। যদিও স্বতন্ত্র নাকি অন্য দলের হয়ে প্রার্থী হবেন সেটা পরিষ্কার করেননি লেয়াকত আলী।










