পূর্বদেশ ডেস্ক
ত্রয়োদশ সংসদ নির্বাচনে আইন মেনে ‘হস্তক্ষেপ না করে’ এবং ‘নিরপেক্ষ ভূমিকায়’ দায়িত্ব পালন করতে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোকে তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
গতকাল মঙ্গলবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর নেতা ও প্রতিনিধিদের সঙ্গে সংলাপে সিইসি বলেন, ‘কাজটা আপনাদের জন্য সহজ হবে না। আপনারা অনেকেই তরুণ, অনেক সংগঠনের অভিজ্ঞতা আছে, অনেকের নেই’। পর্যবেক্ষক নিয়োগে সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সিইসি বলেন, ‘আপনারা যাদের নিয়োগ দেবেন, কাকে দায়িত্ব দিচ্ছেন- সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ মাঠে তাদের মনিটর করার দায়িত্ব আপনাদেরই। তারা যেন কখনো বায়াস্ট না হয়। অবজারভাররা যদি রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে কাজ করে, তাহলে পুরো ইমেজ নষ্ট হয়ে যাবে’। খবর বিডিনিউজের
পর্যবেক্ষকদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করে সিইসি বলেন, ‘অবজারভারদের কাজ হল পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ করা নয়। আপনারা কাউকে প্রভাবিত করতে পারবেন না, কাউকে লাইনে দাঁড় করাতে পারবেন না। শুধু রিপোর্ট করবেন, সঠিক সময়ে পরামর্শ দেবেন। ফাইনাল রিপোর্টে অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্লেষণ দেবেন, যার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সংস্কার করা সম্ভব হবে’।
‘সব চ্যালেঞ্জ মোকাবিলা করে’ আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘আমরা বরাবর বলে আসছি, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচন কমিশনের এজেন্ডা একটাই, সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। যত চ্যালেঞ্জই আসুক, এই কাজটি আমরা করতে চাই। আর এই কাজে আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন’।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের গুরুত্ব তুলে ধরে নাসির উদ্দিন বলেন, ‘আপনারা কাজ করলে ভোটারদের আস্থা বাড়বে, রাজনৈতিক দলগুলোর আস্থাও বাড়বে। এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা যাবে। যদি ভোটার, রাজনৈতিক দল এবং জনগণ আমাদের ওপর আস্থা রাখতে না পারে তাহলে নির্বাচন করাটা মুশকিল হয়ে যাবে। তাই সফল নির্বাচন ডেলিভার করতে আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই’।
পর্যবেক্ষকদের চোখ দিয়ে নির্বাচন দেখার আকাঙ্খা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখি, সাংবাদিক ভাইয়েরাও ক্যামেরা দিয়ে দেখেন- আপনাদের চোখও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের রিপোর্ট নিউট্রাল, পেশাদার এবং বাস্তবতার প্রতিফলন হওয়া জরুরি। কোথাও আমাদের গ্যাপ থাকলে আপনাদের রিপোর্ট আমাদের ভবিষ্যৎ রিফর্মে সাহায্য করবে’।










