চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নারী ও কন্যাশিশুসহ যারা সহিংসতার শিকার হচ্ছেন, তাদের প্রতি সহিংসতা যারা ঘটাচ্ছেন তারা আমাদেরই কোনো না কোনো পরিবারে বসবাস করেন। তিনি বলেন, বিভিন্ন সভায় শুধু মুখে ভালো ভালো কথা বলেই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা যাবে না। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে সর্বত্র সচেতনতা সৃষ্টি করতে হবে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য বিষয়-‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।
ডিসি জাহিদুল ইসলাম বলেন, জেলখানায় প্রায় তিন হাজার মাদক মামলায় সাজাপ্রাপ্ত শাস্তিভোগ করছেন কিন্তু তাতে তো মাদকাসক্ত কমছে না। সব সময় আইন প্রয়োগের মাধ্যমেও অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের নিজেদেরকেই নিজ নিজ চরিত্র সংশোধন করতে হবে। তিনি নারী ও শিশুর জন্য নিরাপদ পরিবার, সমাজ ও রাষ্ট্র নির্মাণের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিজের জীবনে নৈতিকতা চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষা প্রদানের আহŸান জানান।
এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও বেসরকারি উন্নয়ন সংস্থা-ইপসা’র প্রোগ্রাম অফিসার ফারহানা ইদ্রিসের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম ও শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন গণপরিবহনে নারীর প্রতি সহিংসতার ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। নারীর শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি পরিবারে পুত্র সন্তানের বিয়ের পরে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে পরিবারের নারীদের উপর যেন এর দায় না বর্তায় সেজন্য নারীদের সচেতনতা আবশ্যক।
মুক্ত আলোচনায় অংশ নেন বেসরকারি প্রতিষ্ঠান প্রত্যাশীর প্রধান নির্বাহী মনোয়ারা বেগম, মানবাধিকার কর্মী ও ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ আলী সিকদার। ব্র্যাক, ইপসা, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, ঘাসফুল, বিটা, সিডিসি, উষা নারী উন্নয়ন সংস্থা, ওয়াইএএসডি, কারিতাসের কর্মকর্তাগণ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির।











