নাফাখুমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

2

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম জল প্রপাতে গোসলের নেমে নিখোঁজ পর্যটক মো. ইকবাল হোসাইনের (২৪) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল রবিবার বিকালে ফায়ার সার্ভিসের চট্টগ্রামের আগ্রাবাদের স্টেশন অফিসার ডুবুরী দলের প্রধান রহিদুল ইসলাম জলপ্রপাতের পানির নিচের গভীর গুহার ভিতরে আটকে থাকা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একটি পর্যটক দল নাফাখুম পর্যটন কেন্দ্র ভ্রমণে যায়। এসময় তারা খুমে গোসল করতে নামলে মো. ইকবাল হোসাইন নিখোঁজ হন। নাফাখুম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় ১৫ নভেম্বর শনিবার সকালে ৫ জন পর্যটক থানচি সদরে পৌঁছালে বিষয়টি থানা ও প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ফায়ার ডিফেন্স কর্মকর্তাদের সমন্বয়ে উদ্ধারকারী দল উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম আগ্রাবাদের স্টেশন অফিসার ডুবুরী দলের প্রধান রহিদুল ইসলাম বলেন, জল প্রপাতের গভীরে খুম (গভীর খাদ) রয়েছে, এই খুমের ভিতরে মৃত দেহ পড়ে ছিলো। আমরা তিনজন একে একে অক্সিজেন লাগিয়ে ৮ ঘন্টার মধ্যে মো. ইকবাল হোসেনের মৃতদেহ উদ্ধার করেছি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, পুলিশ মৃতদেহ নিয়ে আসছে। সোমবার সকালে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।