ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়সংলগ্ন জমিতে অবশেষে প্রতিধ্বনিত হলো পবিত্র আজান। “নামাজের জন্য এসো, শান্তির জন্য এসো” এই আহবানের মধ্য দিয়ে আল্লাহর ঘর উপ-মহাদেশের প্রখ্যাত সুফী সাধক সুফী আজিজুর রহমান জামে মসজিদ এখন সম্পূর্ণ নির্মিত হয়ে মুসল্লিদের জন্য উন্মুক্ত। বহু প্রতীক্ষার পর এই মসজিদ প্রতিষ্ঠা এলাকায় রচনা করেছে নতুন এক ইতিহাস।
স¤প্রতি জুমার নামাজে প্রখ্যাত আলেম, স্থানীয় ব্যক্তিবর্গ ও শতাধিক মুসল্লির অংশগ্রহণে মসজিদটির উদ্বোধন করা হয়।
এ ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর। উদ্বোধনী মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী, যিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন।
স্থানীয় বাসিন্দা ফুল মিঞার দৌহিত্র মো. ইহসান বলেন, ঝংকার মোড়ে একটি মসজিদ হওয়া ছিল সময়ের দাবি। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ বাবুনগরী বলেন, দীর্ঘদিন জায়গাটিতে বিভিন্ন অপকর্ম, ময়লার স্তূপ ও অবৈধ দোকানপাটে দখলে ছিল। এখন এটি শুধু একটি মসজিদের উদ্বোধন নয়; দখলমুক্ত ভূমিতে আল্লাহর নামের পুনর্জাগরণ, বিশ্বাস, শান্তি ও ভ্রাতৃত্বের এক নতুন সূচনা।
প্রগ্রেসিভ একাডেমির পরিচালক ওসমান গণি বলেন, মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি শিক্ষার, সংহতির এবং সামাজিক ঐক্যের কেন্দ্র হবে।
মসজিদটি শুধুমাত্র নামাজের স্থান হিসেবে সীমাবদ্ধ থাকছে না। এটি এলাকার মুসলিম সমাজকে একত্রিত করার, ধর্মীয় শিক্ষা প্রচারের এবং সামাজিক সহমর্মিতা ও ঐক্য বৃদ্ধির একটি কেন্দ্র হয়ে উঠবে।










