পূর্বদেশ ডেস্ক
দেশের মানুষ আর ‘বস্তাপচা রাজনীতি চায় না’ মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ এখন চলবে ‘নতুন ফর্মুলায়’। গতকাল শুক্রবার রাজধানীর ভাসানটেক এলাকায় জামায়াতের এক গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ‘দেশের আপামর জনগণ পুরোনো, বস্তাপচা, দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই নতুন ফর্মুলাটা কী? সেই ফর্মূলা হচ্ছে, আগামিতে জনগণ আর কোনো দলের পক্ষপাতদুষ্ট কোনো সরকার দেখতে চায় না’। খবর বিডিনিউজের
বিষয়টি ব্যাখ্যা করে জামায়াত আমির বলেন, ‘জনগণ দেখতে চায় জনগণের সরকার। যে সরকার সরকারে নিয়োজিত প্রত্যেক ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে। জনগণের স্বার্থ হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসেবে সেও তার অংশ ভোগ করবে। যে সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না। যে সরকার দুর্নীতিতে জড়াবে না, যে সরকারের মদদপুষ্ট হয়ে কেউ চাঁদাবাজি করার সাহস দেখাবে না। যে সরকারের সময়ে সমাজের সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। নারী-পুরষ সকলেই নিরাপদে শান্তিতে ও সম্মানের সাথে এই সমাজে বসবাস করে উন্নয়নে অংশীদার হয়ে ভ‚মিকা রাখবে। এই নতুন ব্যবস্থা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখিয়ে আছে’।
ভাসানটেকের বিআরপি মাঠে ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এসএম খালিদুজ্জামানের পক্ষে এই নাগরিক গণসমাবেশ হয়।
জামায়াতের আমির বলেন, ‘বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে চব্বিশের পরিবর্তন এসেছে। মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে, বিদায় নেবে। আফসোসের বিষয়, ফ্যাসিবাদ বিদায় নেয় নাই। ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গেছে’।
আগামি ফেব্রæয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রাখে, তাদেরকে বাছাই করে নেবে। আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহŸান জানাব, আপনারাও আমাদেরকে সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব’।
বিএনপির প্রতি ইংগিত করে তিনি বলেন, ‘কেউ কেউ ইতোমধ্যে বলেছেন, যদি তারা নির্বাচিত হন, তাহলে ফ্যাসিবাদবিরোধী সকল দলকে সাথে নিয়ে সরকার গঠন করবেন জামায়াতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলব, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বাদ দেব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব। আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশমন। আমরা ওই দুশমনের রাজত্বের চাষ আর বাংলাদেশে হতে দেব না’।
কোনো দলের নাম উল্লেখ না করে জামায়াত আমির অভিযোগ করেন, ‘জনগণের ম্যানডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোনো কোনো জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে। কোথাও মা-বোনদের ওপর হামলা করা হচ্ছে। কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণসমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে’।
জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ‘বন্দি করে ফেলার অপপ্রচার চালানো হচ্ছে’ মন্তব্য করে দলটির আমির বলেন, ‘আমরা মুখে নয়, কর্মের মাধ্যমে ইনশাআল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব। এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ’।










