নগরীতে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

2

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ভোরের নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার কোতোয়ালী থানাধীন তিনপুলের মাথা এলাকায় এ মিছিল বের হয়। মাত্র এক-দেড় মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়।
জানা যায়, গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে মিছিলটি শুরু হয়। পরে তা জুবিলি রোডের দিকে অগ্রসর হয়। ঘটনার ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মিছিলকারীরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, সকালে তিনপুল রাস্তার মাথায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছি। কারা মিছিল করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে। তাদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।