নগরীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

1

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর জাকির হোসেন সড়ক এলাকায় অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি আবু বকর চৌধুরী (৫০) মৃত বোচন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আবু বকর পলাতক সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি গত বছরের জুলাই মাসে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় দায়ের করা হয়। গ্রেপ্তারের পর তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, ডিবি রাতের অভিযানে আবু বকর চৌধুরীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।তিনি হত্যাচেষ্টা ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ এজাজ খান নামে এক ব্যক্তি মোট ৫৩ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আসামি করে মামলা করেন। এতে সাবেক এমপি মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২০০ জনকে অভিযুক্ত করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা ও নির্বিচারে গুলি চালানো হয়। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।