ধোঁয়ায় দম বন্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

1

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে সামিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে উপজেলার আবুতোরাব বাজারে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া গ্রামের আব্দুল বারী বাড়ির মোশাররফ হোসেনের স্ত্রী। তারা আবুতোরাব বাজারে একটি ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল বলেন, ‘রবিবার দুপুর ১২ টার দিকে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়।এময় সামিনা নিজের কাপড় ও কাঁথা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসায় কেউ না থাকায় তিনি অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পারায় দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে রান্না ঘরে অচেতন হয়ে পড়ে থাকেন। পরে বাইরে থেকে ধোঁয়া দেখে লোকজন রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান’।
নিহতের স্বামী মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। পরে অতিরিক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে আমার স্ত্রী মারা যায়’।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘বিষয়টি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি’।