দেশে দেড় দশকে ‘হাসিনোমিক্স’ চর্চা হয়েছে

3

পূর্বদেশ ডেস্ক

দেশে দেড় দশকের বেশি সময়ের অর্থনৈতিক চর্চাকে ‘হাসিনোমিক্স’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অর্থনীতিতে ‘ইকোনোমিক্স’ শব্দ থাকলেও শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনে যা হয়েছে তা হল ‘হাসিনোমিক্স’। ব্যাংক থেকে ঋণ নিলে তা ফেরত না দিলেও চলবে এটাই ছিল সেই সময়কার নীতি। ঋণ পরিশোধ না করেও নতুন ঋণ নেওয়ার সুযোগ থাকার ব্যবস্থা হয়েছিল শেখ হাসিনার আমলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় একথা বলেন রিজভী। কবর বিডিনিউজের।
দেশের খেলাপি ঋণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আজকে খেলাপি ঋণ কত? আজ সাড়ে ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা নিয়ে চলতে বাধ্য হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই অবস্থা থেকে উদ্ধার করতে শক্ত পদক্ষেপ নিতে হবে। যদিও তারা কিছু উদ্যোগ নিয়েছে। তবে এটাও ঠিক একদিকে পদক্ষেপ নেওয়া হলেও অন্যদিকে ধস নামছে। কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে এসব বিষয়ে সরকারকে নজর দিতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ আয়োজিত নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে নিহত ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি নেতা নাজিম উদ্দীন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, মীর সরাফত আলী সপু, জাগপার খোন্দকার লুৎফুর রহমান, আসাদুর রহমান খান বক্তব্য দেন।