দেশের মাটি ও মানুষের মননের সাথে মিশে আছে লোকগান

1

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ আয়োজিত লোকজ আঙ্গিকের আবৃত্তি ও সংগীতানুষ্ঠান মরমীয়ায় প্রধান অতিথির বক্তব্যে নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী বলেন, মরমী গান এদেশের মাটি ও মানুষের মননের খুব গভীরে মিশে আছে। আমাদের লোক সংস্কৃতির শেকড় ও এর ভিত এতোই মজবুত যে, চাইলেই সেটা উপড়ে ফেলা সম্ভব নয়। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ বলেন, বাঙালি সংস্কৃতির বিশেষ করে আমাদের লোক সংস্কৃতির সুখ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। যে জাতির নিজস্ব সাহিত্য ও সংস্কৃতি রয়েছে সে জাতি কখনো পথ হারাবে না। এদেশের সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে প্রবল শক্তি ও সাহস।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে অনুষ্ঠিত ত্রিতরঙ্গের এই ‘মরমীয়া’ সন্ধ্যায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহব্বায়ক লেখক খন রঞ্জন রায়, স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব আক্তার কামাল চৌধুরী। অনুষ্ঠানে লালন শাহ, হাছন রাজা, শাহ আবদুল করিমসহ বিভিন্ন লোকসংগীত পরিবেশন করেন শিল্পী আফতাব উদ্দিন এ ডিকেন্স ও হোমায়রা আদিবা ভুঁইয়া, আবৃত্তি পরিবেশন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী শাহেলা শারমিন শাম্মী।
অনুষ্ঠানে আগত অতিথি ও দর্শক-শ্রোতাদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ত্রিতরঙ্গের অন্যতম উদ্যোক্তা কবি ও নাট্যকার শহিদ মিয়া বাহার। বিজ্ঞপ্তি