মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি ইপিআই টিকাকেন্দ্র। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর গ্রামের মকছুদ আহমদ ডিলার বাড়ি টিকাকেন্দ্রে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে।
মৃত মকছুদ আহমদ ডিলারের মেঝ ছেলে আবুল হাসিম বলেন, আমাদের বাড়ির সামনের একটি টিন সেটের কাচারি ঘরে প্রায় ৩০ বছর ধরে সরকারি ইপিআই টিকাকেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছিল। ওখানে বিদ্যুৎ সংযোগও নেই। রাতে ঘরটিতে কেউ থাকতো না। ঘরটি শুধু টিকাকেন্দ্র হিসেবে ব্যবহার হতো। শনিবার রাত ১টায় কেউ শত্রুতাবশত ঘরটিতে আগুন লাগিয়েছে বলে আমাদের ধারণা। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া দেখে পাশের বাড়ির লোকজন আমাদের খবর দেয়। তখন বাড়ির সামনে গিয়ে দেখি পুরো ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুন নেভাতে গিয়ে আমি, আমার ভাতিজা আরাফাতসহ কয়েকজন আহত হয়েছি। আগুনে টিকাকেন্দ্রের দুইটি চেয়ার, একটি টেবিল, একটি খাটসহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, আগুন লাগার বিষয়টি আমি মৌখিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানিয়েছি। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা কবির হোসেন বলেন, আগুনে টিকাকেন্দ্রে থাকা চেয়ার, টেবিল ও কাগজপত্র পুড়ে যাওয়ার বিষয়ে স্বাস্থ্যকর্মী জানিয়েছেন। এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আবদুল হালিম বলেন, দুর্গাপুর ইউনিয়নে টিকাকেন্দ্রে আগুন লাগার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এই ঘটনায় তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










