পূর্বদেশ ডেস্ক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, নগরীর জি-১১ এলাকায় হামলার এ ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ওই আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন, আজ (মঙ্গলবার) দুপুর ১২টা ৩৯ মিনিটে (স্থানীয় সময়) একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ ঘটেছে। তিনি জানান, এ হামলার ঘটনায় ১২ জন নিহত ও আরও ২৭ জন আহত হয়েছেন।
সামাজিক মাধ্যমে আসা ঘটনার ভিডিওগুলোতে দেখা গেছে, একটি পোড়া গাড়ি থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি জানিয়েছেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হামলাকারী আদালতের বাইরে প্রায় ১২ মিনিট ধরে দাঁড়িয়েছিল। সে প্রথমে আদালত ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু তাতে ব্যর্থ হয়ে পুলিশের গাড়িটিকে লক্ষ্যস্থল করে বিস্ফোরণ ঘটায়।
এদিকে ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনার পেছনে ভারতের যোগসূত্র থাকার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল মঙ্গলবার এক্স (আগের টুইটার) -এ দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, ইসলামাবাদের পাশাপাশি আফগান সীমান্তের একটি ক্যাডেট কলেজেও হামলা হয়েছে। উভয় ঘটনা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের বড় উদাহরণ।
শাহবাজ শরিফের এক্স পোস্টের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি লিখেছেন, বিশ্ব এবার এমন ষড়যন্ত্রের নিন্দা জানাবে। সন্ত্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব।
এর আগে, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা এলাকায় পার্ক করা একটি গাড়ি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। সে ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।











