তারেক রহমানের জন্মদিনে কেক কাটা মানা

2

এ বছর তারেক রহমানের জন্মদিন পালনে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দিনটি উপলক্ষে কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। খবর বিডিনিউজ’র
ঢাকাসহ দেশব্যাপী দলের সকল ইউনিটের নেতাকর্মীদের দলীয় এই নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি।
১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমানরে জন্ম। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি।
জরুরি অবস্থার মধ্যে কারামুক্ত হয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। তখন থেকেই তিনি সেখানে বসবাস করে আসছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তারেক যুক্তরাজ্য থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সেখান থেকেই ভার্চুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন।