ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’

1

পূর্বদেশ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আগামি ২৯ ও ৩০ ডিসেম্বর এ সম্মেলন হবে। গতকাল শুক্রবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সম্মেলনের বিস্তারিত তুলে ধরে আয়োজন প্রতিষ্ঠান ‘পলিটিক্যাল অ্যান্ড পলিসি সাইন্স রিসার্চ ফাউন্ডেশন।’
সম্মেলনের আহব্বায়ক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিশ্লেষক ও গবেষকরা এতে যোগ দেবেন। এই কংগ্রেসে ৮০ টিরও বেশি গবেষণা প্রবন্ধ নিয়ে আলোচনা করা হবে। বিভিন্ন মহাদেশ থেকে শিক্ষক-গবেষকরা দারুণ সাড়া দিচ্ছেন এবং অংশগ্রহণ করছেন’। খবর বিডিনিউজের
তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়া ও বিশ্বে সাম্প্রতিককালে হয়ে যাওয়া গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক সংকট এবং সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা হবে সম্মেলনে। আলোচক ও গবেষক হিসেবে ইতোমধ্যেই সম্মেলনে যোগদানের জন্য গবেষণা সারাংশ জমা দিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, তিউনিসিয়া, গাম্বিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক এবং শিক্ষার্থীরা’।
সম্মেলনের আহব্বায়ক কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ অনেকে।
আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির রিসার্চ কমিটি, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি এবং বাংলাদেশ সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল এ আয়োজনের সহযোগী।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসিমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক ফজল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ফাতেমা রেজিনা ইকবাল উপস্থিত ছিলেন।