ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ বোমা হামলা

6

পূর্বদেশ ডেস্ক

রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল বুধবার ককটেল বিস্ফোরণ ও ট্রেন-বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে আইনশৃঙ্খলা বাহিনীর তরফে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
টিএসসি : গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, এ ঘটনায় হতাহতের খবর মেলেনি।
প্রক্টর বলেন, সোহরাওয়ার্দী উদ্যান থেকে দুটি হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। আমাদের প্রক্টরিয়াল টিম ও পুলিশের যৌথ অভিযান চলমান আছে।
হাতবোমা বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। স্যার এ এফ রহমান হল থেকে তারা মিছিল বের করেন
মিরপুর-গাজীপুর-সাভার কাকরাইল-উত্তরা: গতকাল বেলা ১টার দিকে ঢাকার মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। শাহ আলী থানার ওসি গোলাম আযম জানান, বাসটির সামনের দিকের কয়েকটি আসন পুড়লেও কেউ হতাহত হয়নি।
এর আগে ভোরে গাজীপুরে আলাদা স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সাভারের আশুলিয়ায় আগুন দেওয়া হয়েছে আরেকটি বাসে।
কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পুড়ে গেছে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস।
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল : গতকাল মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা ছোড়া হয়েছে।

তেজগাঁও : গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চি করে বলেছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।

দোলাইরপাড় : গতকাল সন্ধ্যায় রাজধানীর দোলাইরপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে সড়কে একটি বাস আগুনে পুড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে আইনশৃঙ্খলা বাহিনীর তরফে বলা হয়েছে।

নারায়ণগঞ্জ : গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে। ফতুল্লা থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, জালকুড়ি এলাকায় পৌঁছানোর পর যাত্রীরা তাদের সঙ্গে একজন উঠবেন বলে চালককে থামাতে বলেন। ফোনে কথা বলার অজুহাতে অটোরিকশা থেকে নেমে নিচে দাঁড়ান যাত্রীর ছদ্মবেশে থাকা দুই যুবক। পরে তারা কৌশলে অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যান।
ওসি বলেন, কিছুক্ষণ পর পেছনের দিকে তাকিয়ে অটোরিকশা চালক দেখেন আগুন জ্বলছে আর যাত্রীরা নেই।”
পরে চালকই স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়, কিন্তু ততক্ষণে অটোরিকশার ছাউনি আর পেছনের আসনটি পুড়ে যায়, বলেন এ পুলিশ কর্মকর্তা।

মানিকগঞ্জ : গতকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার পুলিশ জানিয়েছে।
স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, মানিকগঞ্জ শহরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছেই হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে চলে যায় পিকআপটি।