ঢাকার আকাশে ‘বেলুন ওড়াবে আওয়ামী লীগ’

1

পূর্বদেশ ডেস্ক

ঢাকার আকাশে এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রধান উপেদেষ্টার বাসভবন- যমুনার আশেপাশেসহ ঢাকায় বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিল। গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে গতকাল রবিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এছাড়া আগামি সোমবার থেকে বুধবারের মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান লেখা এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিল। খবর বিডিনিউজের
ডিএমপি বলছে, ডিবি মিরপুর বিভাগ তিনজন, ডিবি রমনা বিভাগ তিনজন, ডিবি সাইবার বিভাগ দু’জন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ পাঁচ জন, ডিবি উত্তরা বিভাগ দুইজন, ডিবি তেজগাঁও বিভাগ দুইজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও গুলবাগ ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার খান তাহমিদ ওরফে তাহমিদ আশরাফ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ, শের-ই-বাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক ওরফে ছোটন চৌধুরী, শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে বাবলু ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন খোকন।
মিরপুর মডেল থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভ‚ইয়া, ভাষানটেক থানা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম ওরফে আহমাদ আলী, মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি জসিম ওরফে বিল্লাল, ঢাকা মহানগর গেন্ডারিয়া থানা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, শ্যামপুর থানার ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম, আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ শাহজালাল, ঢাকা রায়েরবাগ ইউনিট যুবলীগের সেক্রেটারি দেলোয়ার হোসেন ওরফে পলাশও আছেন ২৫ জনের তালিকায়।
শরীয়তপুরের নড়িয়া থানা ডিংগামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস সরদার, ঢাকা মহানগর পল্টন থানা যুবলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন, পল্টন থানা যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহব্বায়ক কমিটির সদস্য সামছুদ্দিন আহমেদ সেলিম, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রেহান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন প্রিন্স, সিলেট মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম পারভীন, ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সরকার, নেত্রকোণার পূর্বধলা শ্রমিক লীগের সদস্য আলী হোসেন, কুমিল্লা জেলার ৬ নম্বর নিকলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক খন্দকার ও বরগুনা জেলার তালতলী থানা যুবলীগের যুগ্ম আহব্বায়ক হাবিবুর রহমান কামালকেও গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই ঝটিকা মিছিল বের করছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা। ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সম্প্রতি ১৩ নভেম্বর দলীয় ‘লকডাউনের’ মত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
এর মধ্যে দলটির ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ‘বেলুন ওড়ানোর’ কর্মসূচির তথ্য দিল পুলিশ।