ঢাকায় বাসে আগুন ককটেল বিস্ফোরণ

9

পূর্বদেশ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগে গতকাল সোমবার ঢাকায় বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বরের এ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে ১৩ নভেম্বর। ওই মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী)।
কয়েক দিন ধরে ফেসবুকে আওয়ামী লীগের পেজসহ নেতাদের পেজে ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি পালনের কথা বলা হচ্ছে। পুলিশও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদের কর্মসূচি প্রতিহত করতে ঢাকায় অভিযান ও তল্লাশি চালাচ্ছে। এরই মধ্যে চোরাগোপ্তা হামলার কয়েকটি ঘটনা ঘটে। গতকাল ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয় এবং ছয়টি জায়গায় নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
জানা যায়, গতকাল সন্ধ্যার পর ধানমন্ডির মিরপুর রোডে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে যাওয়া বাসটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। এতে হতাহতের কোনো ঘটেনি। এর আগে গতকাল ভোরে আধঘণ্টার ব্যবধানে ঢাকার বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতেও কেউ হতাহত হয়নি। তাছাড়া রাজধানীর মিরপুর ও ধানমন্ডির দুটি করে জায়গায় এবং মোহাম্মদপুর ও খিলগাঁওয়ের একটি করে জায়গায় মোট ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চারটি জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে আসা ব্যক্তিরা ককটেল ছোড়ে। দুটি জায়গায় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁও উড়ালসড়কের ওপরে দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর-১০ নম্বর শাহ আলী মার্কেটের সামনে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ হয়। পুলিশ বলেছে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর আগে সকাল সাতটার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। দুই দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছেন প্রবর্তনার এক নিরাপত্তাকর্মী। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া ভোর পৌনে চারটার দিকে মিরপুর-২ নম্বরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে দুটি এবং ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। দুটি জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে এসে ককটেল ছোড়া হয়। ঢাকার বাইরে সোমবার রাতে মানিকগঞ্জে একটি স্কুলবাসে আগুন দেওয়া হয়।