ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ

3

পূর্বদেশ ডেস্ক

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ছয় জনের; এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন রোগী। এতে চলতি বছর মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৭১২ জনে। তাদের মধ্যে ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল বুধবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয় জনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটির, একজন ঢাকা দক্ষিণ সিটির এবং তিনজন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন। খবর বিডিনিউজের।
চলতি নভেম্বর মাসে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হলেন ১৭ হাজার ৪৫০ জন; মৃত্যু হল ৭১ জনের।
এ বছর অক্টোবর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হন ২২ হাজার ৫২০ জন ডেঙ্গু রোগী, যা এ বছরের সর্বোচ্চ।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যুও হয় ডেঙ্গুতে। মার্চ মাসে এ রোগে কারো মৃত্যু হয়নি।