ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

2

পূর্বদেশ ডেস্ক

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন নতুন রোগী। এতে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৯৯৭ জনে। তাদের মধ্যে ৩৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে মশাবাহিত এ রোগ।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে একজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুজন ও ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছেন। এ নিয়ে নভেম্বরের ১৬ দিনে ডেঙ্গুতে ৫৮ জনের মৃত্যু হল; চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ১৩৫ জন ডেঙ্গু রোগী।খবর বিডিনিউজের।
চলতি বছর অক্টোবর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হন ২২ হাজার ৫২০ জন ডেঙ্গু রোগী, যা এ বছরের সর্বোচ্চ।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যুও হয় ডেঙ্গুতে। মার্চ মাসে এ রোগে কারো মৃত্যু হয়নি।