পূর্বদেশ ডেস্ক
দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন রোগী। তাতে চলতি বছরের এ পর্যন্ত ৩৬৪ জনের প্রাণ গেল এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০ হাজার ২৬৪ জনে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে যারা মারা গেছেন তাদের মধ্যে একজন বরিশাল বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের, দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং তিনজন ময়মনসিংহ সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।
এ নিয়ে চলতি নভেম্বর মাসের এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮৬ জন, যা এ বছরের কোনো মাসে সর্বোচ্চ। আর নভেম্বরের এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০২ জন।
এর আগে সবচেয়ে বেশি মৃত্যু অক্টোবর মাসে, ৮০ জন। সেপ্টেম্বরে মারা গেছেন ৭৬ জন। জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল।










