ডমিঙ্গোকে বার্তা দিয়ে রাখলেন সাইফউদ্দিন

3

শ্রীলঙ্কা সিরিজের আগে সাইফউদ্দিনকে নিয়ে দলের ভাবনায় কথা জানাতে গিয়ে হেড কোচ রাসেল ডমিঙ্গো যে বার্তা দিয়েছিলেন, সেটি খুব বেশি সুখকর ছিল না। ডমিঙ্গোর জবাব ছিল, সাইফউদ্দিনকে আরও প্রমাণ দিতে হবে। মারকুটে ব্যাটিং পারলেও শীর্ষ ছয়ে ব্যাট করার মতো হয়ে ওঠেননি তিনি। অতীতে ঘরের মাটিতে ভালো করেছে, তবে সময় পক্ষে না থাকলে পারফরম্যান্স দিয়ে পক্ষে আনতে হবে। এমনকি তরুণ শহিদুল ইসলামকেও সাইফ উদ্দিনের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে বলে জানিয়েছিলেন ডমিঙ্গো।
শ্রীলঙ্কা সিরিজে চোটের কারণে ছিটকে যাওয়ায় নিজেকে প্রমাণের সুযোগ না পেলেও চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে পাখির চোখ করেছেন, সেটি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছেন তিনি। আবাহনীর হয়ে গতকাল ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ব্যাট করতে নেমে ঝড় তোলেন সাইফউদ্দিন। খেলেন ১৯ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস। পরে বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। বৃষ্টির কারণে ১৯ ওভারের ম্যাচে আগে ব্যাট করে আবাহনীর দেয়া ১৩৫ রানের জবাবে ১১৩ রানে থামে ওল্ড ডিওএইচএসের ইনিংস। ব্যাট-বলে অনবদ্য পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার হাতে সাইফউদ্দিন এদিন প্রথমেই রাসেল ডমিঙ্গোর কথা মনে করেছেন নিশ্চয়ই?