ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে আটকে পড়া একটি পিকআপ ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেল স্টেশনের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল ওই লেনে বন্ধ ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার নিজামপুর রেল স্টেশনের উত্তর পাশে অবৈধ লেভেল ক্রসিংয়ে পিকআপ পার হওয়ার সময় হটাৎ ইঞ্জিন বন্ধ হয়ে আটকে যায়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দিলে ১৫ থেকে ২০ গজ দূরে রেললাইনের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, মঙ্গলবার বিকেলে সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন নিজামপুর এলাকায় (চট্টগ্রাম-ন ১১-৭৫৩৪) নম্বরের একটি পিকআপ অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় পিকআপের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।