টিসিজেএ-ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড এর কার্যক্রম শুরু

1

চট্টগ্রামে কর্মরত টেলিভিশন চিত্রসাংবাদিকদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত নিয়মিত দ্বি-বার্ষিক উদ্যোগ ‘লেন্সের ভেতর সত্য, প্রতিবেদনে দায়িত্ব’ শীর্ষক টিসিজেএ- ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড-২০২৫ এর বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর জামাল খান এলাকার মোমিন রোডের একটি হলরুমে জুরিবোর্ডের প্রথম বিচারের পর্ব অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রওশন সোমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্যামেরা অপারেটর ও ডিরেক্টর অব ফটোগ্রাফি সৌমেন গুহ।
বিচারিক কার্যক্রমের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীব, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী, অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির আহব্বায়ক মোহাম্মদ আলী আকবর, সদস্য দীপংকর দাশ, সুমন গোস্বামী ও রবিউল হোসেন।
অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির আহব্বায়ক মোহাম্মদ আলী আকবর জানান, এবারের আয়োজনে অংশগ্রহণকারী প্রতিবেদক ও নির্মাতারা জমা দেওয়া কাজের ভিত্তিতেই বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়িত হবেন। ইস্পাহানি মির্জাপুর চা এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে। বিজ্ঞপ্তি