টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

1

পূর্বদেশ ডেস্ক

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাবাকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইল জ্যেষ্ঠ ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান।
দন্ডপ্রাপ্ত ওয়াহেদ আলী ওরফে ওয়াহেদুজ্জামান উপজেলার দড়িপাকা পশ্চিম পাড়ার আব্দুস সামাদের ছেলে। খবর বিডিনিউজের।
মামলার বরাতে আইনজীবী বলেন, ওয়াহেদ ২০২৪ সালের ২৫ ফেব্রæয়ারি নেশার টাকার জন্য দুপুরে তার মাকে মারপিট করেন। পরে বাবা তার মাকে এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেন। রাতে বাবাকে (৬৫) বাড়িতে একা পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন ওয়াহেদ।
পর দিন আব্দুস সামাদের ভাই আব্দুস রশীদ মিয়া বাদী হয়ে ওয়াহেদকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ ওয়াহেদকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে সখীপুর থানার এসআই সুকান্ত রায় ২০২৪ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। চলতি বছরের ১ জানুয়ারি আদালত ওয়াহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় ১২ জন সাক্ষ্য দেন।
আইনজীবী শফিকুল ইসলাম বলেন, বিচারক আসামিকে মৃত্যুদন্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
বাদী পক্ষে মো. রাসেল রানা এবং আসামি পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী গোলাম মোস্তফা মিঞা মামলা পরিচালনা করেন।