চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে চলাচলরত একটি ইজিবাইকে (টমটম) বাঁচাতে গিয়ে সড়কের পাশে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। এ সময় ওই বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী কমবেশি আহত হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনস্থ চিরিংগা হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া পৌর সদরের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর আরিফুল আমিন বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হলেও আল্লাহর মেহেরবানিতে কোনো যাত্রী নিহত বা গুরুতর আহত হয়নি। দুর্ঘটনার পরপরই পুলিশ এবং স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে যাত্রীদেরকে নিরাপদে উদ্ধার করে। তবে যাত্রীদের কয়েকজন সামান্য আহত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদেরকে চকরিয়া পৌর সদরের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।











