কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশ এখন একটা গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। দেশে একটা নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী, কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের ফেব্রæয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে’। খবর বিডিনিউজের
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে ঠাকুরগাঁও জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে। এখন এমন কোনো পরিস্থিতি নাই, যেখানে নির্বাচন ব্যাহত হবে। বিএনপি বিশাল রাজনৈতিক দল, এটা একটা ধলেশ্বরী নদীর মত, এখানে কিছু তো সমস্যা হবে। এটা বরাবরই হয়ে আসছে, এটাতে কোনো সমস্যা নাই। এসব হওয়াতে বোঝা যায়, বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল’।
সভায় জেলার বিভিন্ন স্তরের আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভ‚মিকা নিয়ে মতামত তুলে ধরেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুলসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।










