জিপিএ-৫ প্রাপ্তদের সম্মানিত করলো আবুল খায়ের গ্রুপ

1

কর্মকর্তা- কর্মচারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা দিয়েছে আবুল খায়ের গ্রæপ। ৯ নভেম্বর রাজধানীর জাতীয় শুটিং ক্লাব মিলনায়তনে ‘তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে মোট ৬৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মানিত করে আবুল খায়ের গ্রুপ। আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ৪৪ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ২১ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর নওশাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং সিইও আয়মান সাদিক। উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মামুন, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ, ডিভিশনাল এইচআর হেড সাদ জশিম এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এইচআর) মো. নুরুল আফসারসহ গ্রুপের অন্যান্য পদস্থ কর্মকর্তারা।
প্রধান অতিথি নওশাদ চৌধুরী বলেন, প্রতিটি প্রজন্মের জন্য আলাদা চ্যালেঞ্জ থাকে; সারাবিশ্বই বর্তমানে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে প্রযুক্তির বড় পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তরুণদের উচ্চতর শিক্ষার পরিকল্পনা করতে হবে। ডিভিশনাল এইচআর প্রধান সাদ জসিম তরুণদের মাল্টিপল স্কিল অর্জনে উৎসাহিত হওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি আয়মান সাদিক বলেন, এ বছর শুধু এ প্লাস পাওয়া নয়, পাস করাটাই ছিল কঠিন। যারা এবার এ প্লাস পেয়েছে, তারা সত্যিকারের মেধাবী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে ক্রেস্ট উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি