নিজস্ব প্রতিবেদক
জালনোট উদ্ধারের মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।
দন্ডিত মো. আবুল কাশেম (৪০) কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম হলদিয়া গ্রামের বাসিন্দা।
মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১৩ সালের ২২ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে নগরীর বাকলিয়া থানার রাজাখালী ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে পুলিশ আবুল কাশেমকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২৮টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
ট্রইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, রাষ্ট্রপক্ষে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। আসামি জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন। তার বিরুদ্ধে সাজা পরেয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।











