জামায়াত সরকার গঠন করলে চাকরিচ্যুতদের পুনর্বহাল করবো

2

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামী সরকার গঠন করলে বাঁশখালীর চাকুরিচ্যুত ব্যাংকারদের বকেয়া বেতনসহ যাবতীয় সুবিধা নিশ্চিত করে চাকুরিতে পুনর্বহাল করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। ২৮ নভেম্বর উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বাঁশখালীর চাকুরিচ্যুত ব্যাংকারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে সভায় জহিরুল ইসলাম বলেন, মজলুমের কষ্ট আমি বুঝি। আমি নিজেও জুলুমের শিকার হয়ে এক যুগের কাছাকাছি সময় চাকুরিচ্যুত ছিলাম। বাঁশখালীর ব্যাংকার ভাইদের চাকুরিচ্যুতির বিষয়েও আমি স্বশরীরে গিয়ে বারবার সংগঠনের উর্ধ্বতন দায়িত্বশীল ও ব্যাংকের সিনিয়র দায়িত্বশীলদের সাথে কথা বলেছি।
গতানুগতিক রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি সত্যিকারার্থে আমার ভাইদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। ব্যাংকারদের চাকুরিচ্যুতির বিষয়ে আমার ন্যূনতম অবহেলা ছিল না। তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলেও কারো মুখের ভাত, রিজিক কেড়ে নিবেন না। কিন্তু ব্যাংকারদের এভাবে অফিস থেকে বের করে দিয়ে চাকুরিচ্যুত করার মতো পাষন্ড আচরণ আমরা কখনও এই সরকার থেকে আশা করিনি। ব্যাংকারদের চাকুরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাখান করে তিনি বলেন, এই আচরণ মানবতা পরিপন্থী। ন্যূনতম মানবতা থাকলেও এমন ঘটনা ঘটানো সম্ভব না। একজন অমুসলীম ভাইও ক্ষুধার্ত হলে তার খাবার যোগানো মুসলীম ভাইয়ের দায়িত্ব। চাকুরিচ্যুত ভাইয়েরা সব অফিশিয়াল প্রক্রিয়া সম্পন্ন করেই তো চাকুরী নিয়েছিলেন। তাদের এভাবে চাকুরিচ্যুত করা অন্যায়, অমানবিক, জুলুম। চাকুরিচ্যুত ব্যাংকারদের হতাশ না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা ধৈর্য্য ধরুন। আমরা পেট ভরে খাবো, আর আপনারা উপবাস থাকবেন তা কখনও হবে না। আমরা এখনও হাল ছেড়ে দিইনি। আমি ১১ বছর পর চাকুরী ফিরে পেয়েছি। আপনারাও একদিন উত্তম বিচার পাবেন।
আমরা ইতিমধ্যে চাকুরিচ্যুত ভাইদের পুনর্বাসনের কাজ শুরু করে দিয়েছি। কিছু ভাইয়ের চাকুরীর ব্যবস্থা হয়েছে ইতিমধ্যে। জামায়াতে ইসলামী এবার সরকার গঠনের জন্য ইলেকশন করছে। জামায়াত সরকার গঠন করতে পারলে বাঁশখালীর চাকুরিচ্যুত ব্যাংকারদের চাকুরিতে পুনর্বহাল করা হবে এবং বকেয়াসহ যাবতীয় সুবিধা নিশ্চিত করা হবে।