ইন্দোনেশিয়ার ত্রিশক্তি ইউনিভর্সিটির অর্থনীতি অনুষদের প্রফেসর এবং কানাডার কেইপ বৃটন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস-এর সাবেক প্রফেসর ড. মাসুদুল আলম চৌধুরী বলেছেন, দেশকে গড়তে হলে শিক্ষার ব্যাপারে ভাবতে হবে। জাতিকে কোন শিক্ষানীতি দেওয়া হলো তা বড় প্রশ্ন। একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সংস্কার শুরু হয়েছে। নতুন বাংলাদেশে নতুন মনন নিয়ে শুরু করতে হবে। পঁচানব্বই শতাংশ মুসলমানের দেশে কী মডেল হবে তা ভাবতে হবে। পদ্ধতিগত বিষয় নিয়ে ভাবতে হবে। তিনি বলেন, অফুরন্ত জ্ঞানের ভান্ডার হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে জ্ঞানের সর্বকল্যাণের উৎস। কোরআনে অযৌক্তিক ও অসত্য বলে কিছু নেই। কোরআনের সবকিছুই সর্বজনগ্রাহ্য সত্য।
সোমবার ও গতকাল মঙ্গলবার ‘ইসলামিক সোশিও-ইকনোমিক প্ল্যানিং মডেল ফর বাংলাদেশ রিফর্ম’ শীর্ষক এক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইআইইউসি মিলনায়তনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইনস্টিটিউট অব কোয়ালিটি এশ্যুরেন্স সেল (আইকিউএসি) এই সেমিনারের আয়োজন করে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সূচনা বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক এবং আইআইইউসি’র ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। নির্ধারিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসাইন।
এতে আরও উপস্থিত ছিলেন আইআইইউসি’র গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. নাজিম উদ্দিন, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মনজুর আলম।
দু’দিনব্যাপী সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. শাহ মুহাম্মদ ছানাউল করিম।
সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আমরা এমন এক উন্নয়ন কাঠামোর কথা বলছি, যেখানে উন্নতিটা শুধু ভৌত বা অবকাঠামোগত নয় বরং মানুষের নৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা এবং সার্বিক মানবিক কল্যাণকে একসঙ্গে বিবেচনা করা হয়। ইসলামী মূল্যবোধভিত্তিক উন্নয়ন মডেল সেই সমন্বিত পথটিই দেখায়। বিশ্বের অনেক দেশেই এখন বিকল্প উন্নয়ন-ধারা নিয়ে ভাবা হচ্ছে। প্রচলিত উন্নয়ন মডেল যেখানে অসমতা ও নৈতিক সংকট দূর করতে ব্যর্থ, সেখানে ইসলামী মূল্যবোধভিত্তিক উন্নয়ন ধারণা এক স্বতন্ত্র ও বাস্তবসম্মত পথপ্রদর্শন করে। বিজ্ঞপ্তি











