ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী আহত

1

ফটিকছড়ির ভূজপুর থানাধীন কাজির হাট গাড়ি টানা সড়কের তালতল এলাকায় মুখোশধারী ছিনতাইকারীর গুলিতে রমজান আলী (৪০) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর বাংলানিউজ’র
আহত রমজান আলী পশ্চিম ভূজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হারুনের ছেলে। তিনি আছিয়া চা বাগান গেইট এলাকায় একটি মুদির দোকান পরিচালনার পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসাও করেন।
জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তালতল এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুই মুখোশধারী ছিনতাইকারী তার পথরোধ করে। তারা রমজান আলীর কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে গুলি করে সবকিছু লুটে নিয়ে পালিয়ে যায়। তিনি উরুতে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, ছিনতাইকারীর কবলে পড়ে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার তদন্ত চলছে।