চোরাচালানের কম্বল জব্দ করল বিজিবি

2

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক সীমান্তবর্তী এলাকা উদয়পুর বিওপি ক্যাম্প কর্তৃক চোরাই পথে আসা ভারতীয় কম্বল জব্দ করেছে মারিশ্যা জোন ২৭ বিজিবি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উদয়পুর বিওপি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহি বিন সাইফ অভিযানে নেতৃত্ব দেন।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ উদয়পুর বিওপি কর্তৃক বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাপ্টেন মাহি বিন সাইফের নেতৃত্বে একটি টহল দল ছয়নালছড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু ভারতীয় কম্বল উদ্ধার করে।
অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকৃত ২টি প্লাস্টিকের বস্তা ফেলে গহীন পাহাড়ে ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পাহাড়ে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তায় ১০টি ভারতীয় কম্বল জব্দ করে। এসব কম্বলের মূল্য ৯০ হাজার টাকা।
মারিশ্যা জোনের (২৭ বিজিবি) কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন তা প্রতিরোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।