চুক্তি নস্যাতে বড় ষড়যন্ত্র হচ্ছে বললেন ঊষাতন

2

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম চুক্তি নস্যাতের জন্য ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএস এর দ্বিতীয় সারির শীর্ষ নেতা সাবেক এমপি ঊষাতন তালুকদার। তিনি বলেন, ‘পার্বত্য চুক্তি বাতিলের জন্য ব্যবস্থা হচ্ছে। যারা পার্বত্য চুক্তি বাতিল দাবি করে তারা কি বুঝে? পার্বত্য চুক্তি বাতিল হওয়ার অর্থ হলো সেই ৯৭ সালের দিকে ফিরে যাওয়া। আপনারা কি আমাদের সেখানে ফেরত যেতে বলেন নাকি? যদি না-ই বলেন তাহলে আসুন শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা করি। আলোচনায় আপত্তি তো নাই আমাদের’।
গতকাল মঙ্গলবার দুপুরে রাঙামাটি জিমনেসিয়াম মাঠে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এমপি ও গেরিলা নেতা উষাতন তালুকদার।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর পাঁচটি রাজনৈতিক সরকার এবং দুইটি তত্ত¡াবধায়ক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে কোনো সরকারই রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেনি। ফলে পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৮ বছর অতিক্রান্ত হলেও চুক্তির মৌলিক বিষয়সহ দুই তৃতীয়াংশ ধারা অবাস্তবায়িত অবস্থায় রয়ে গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় জানিয়ে ঊষাতন তালুকদার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএস অংশগ্রহণ করবে এবং প্রার্থী দেবে’।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় নানা আয়োজনে দিবসটি পালন করছে চুক্তির স্বাক্ষরকারী দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- পিজেএসএস।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় রাঙামাটির জিমনেসিয়াম মাঠে আয়োজন করা হয় গণসঙ্গীত ও গণসমাবেশ। এতে জেলার ১০ উপজেলা থেকে দলটির নেতা-কর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে অংশ নেন। পরে রাঙামাটি জেলা জেএসএস সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে এই সমাবেশ শুরু হয়।
এতে বক্তব্য রাখেন সিএইচটি হেসম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাড. ভবতোষ দেওয়ান, আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, মহিলা সমিতির সভাপতি মনি চাকমাসহ আরো অনেকে।
গণসমাবেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল সড়যন্ত্র প্রতিহত করে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার আহŸান জানান বক্তারা। এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণবাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহŸান জানান তারা।
এদিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন আঞ্চলিক পরিষদের সদস্য নুরুল আলম, জেলা পরিষদের সদস্য নাইপ্রু মারমা মেরী, আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানসহ আরো অনেকে।