চারদিকে ধিক্কার বাধ্য হয়ে বক্তৃতা থামালেন নেতানিয়াহু

1

জেরুজালেমে চারদিক থেকে বিক্ষোভকারীদের ধিক্কারের মুখে বক্তৃতা থামাতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৭ অক্টোবর ঘটনাটি ঘটে। গতবছর ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে জেরুজালেমে স্মরণসভা আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু। কিন্তু চারদিক থেকে ইসরায়েলি বিক্ষোভকারীদের ধিক্কারের মুখে বক্তব্য থামাতে বাধ্য হন তিনি।
টাইমস অব ইসরায়েল ও দ্য গার্ডিয়ান বলেছে, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত দর্শকরা চিৎকার শুরু করে। এতে পোডিয়ামে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন নেতানিয়াহু। তার বক্তব্যের মাঝখানে হট্টগোল শুরু করেন উপস্থিত জনসাধারণ। এ সময় কয়েকজন ব্যক্তি নেতানিয়াহুর উদ্দেশে বলেন, ‘আপনাকে ধিক্কার।’ এক বিক্ষোভকারী ‘আমার বাবাকে হত্যা করা হয়েছে’ বলে বারবার চিৎকার করতে থাকেন। শুরুতে ওই স্মরণ অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বক্তৃতার সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল না। কারণ আশঙ্কা করা হচ্ছিল, নিহতদের স্বজনরা ইসরায়েল সরকারের সমালোচনা করতে পারে। তবে অনুষ্ঠানস্থলে বিক্ষোভের মুখে স্বজনদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়।