মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেডিকেল টেকনোলজিস্ট (এম.টি.এফ) এর সভাপতি মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সেক্রেটারি ড. জাকির হোসেন, বারিটের সিনিয়র টেকনোলোজিস্ট নূর মোহাম্মদ, মো. লিয়াকত হোসেন, মো. মাহমুদ হাসান, মো. আনসার আলী, মো. তৌহিদ হাসান, মো. আজিজুর রহমান, মো. নাজমুস সাকিব, ছাত্র প্রতিনিধি মো. সিয়াম, শামীম প্রমুখ।
মানববন্ধনে মো. তৌহিদুল ইসলাম বলেন, আমাদের টেকনোলজিস্টদের দাবি অবিলম্বে মেনে না নিলে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করতে বাধ্য হবো। আর আমরা একদিন কর্মবিরতিতে গেলে দেশের চিকিৎসা খাতে ব্যাপক ক্ষতি হবে এবং মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। আমাদের দ্রæত ১০ম গ্রেডে উন্নীত করুন। আমাদের দাবি বাস্তবায়ন না হলে এই সেক্টরে দুর্নীতি কমবে না। স্বাস্থ্যসেবাকে উন্নত করুন।
অন্যান্য বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা মাঠে নেমে তাদের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছেন। করোনা মহামারী, ডেঙ্গু, নিপাহ ভাইরাসসহ বিভিন্ন মহামারিতে জনগণের জীবন বাঁচাতে তারা সবসময় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। অথচ আজও তারা ন্যায্য পাওনা ১০ম গ্রেড থেকে বঞ্চিত, যা অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক।
বক্তারা প্রশ্ন রাখেন, সরকার যদি অন্যান্য ডিপ্লোমাধারী সমযোগ্যতাসম্পন্ন পেশাজীবীদের ১০ম গ্রেড দিতে পারে, তবে স্বাস্থ্যব্যবস্থার মেরুদন্ড এই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বছরের পর বছর কেন বঞ্চিত রাখা হচ্ছে? কেন তাদের ১০ম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না?
হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা আরও বলেন, এতদিন আমরা কোনো কর্মবিরতি কিংবা কঠোর আন্দোলনে যাইনি। কিন্তু এটাই আমাদের শেষ ধৈর্য। আর কোনো আশ্বাস নয়, সরাসরি সিদ্ধান্ত চাই। সরকার যদি ১০ম গ্রেড বাস্তবায়নে গড়িমসি করে তাহলে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবা অচল হলে এর দায়ভার পুরোপুরি সরকারের। আমরা আর কোনো অজুহাত বা আশ্বাস নয়-এবার চাই কেবল লিখিত সিদ্ধান্ত।











