নিজস্ব প্রতিবেদক
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অভিযোগে নগরে দুই বেকারিকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নগরীর ষোলশহর ও রুবি গেট এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জরিমানা গুণা প্রতিষ্ঠান দু’টি হলো- একতা বেকারি এবং আইডিয়াল লাইফ বেকারি।
জানা গেছে, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ টিমের সদস্যরা দেখতে পান বেকারি দু’টিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির জন্য বেকারি মালিকদের কাছে সরকারি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই’রও কোনো অনুমতি ছিল না। এছাড়া অননুমোদিত বিভিন্ন রাসায়নিকের ব্যবহার, মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং ন্যূনতম স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ কারণে রুবি গেট এলাকার একতা বেকারিকে ৩৫ হাজার টাকা এবং ষোলশহর টিঅ্যান্ডটি কলোনি রোডের আইডিয়াল লাইফ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি রোধে খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নিয়মনীতি মেনে চলতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম ও অবহেলা করার সুযোগ নেই। নগরবাসীর জন্য নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










