চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ দোহাজারী বিপ্লব দাশের (৪০) সংসার চলে বাজারে মাছ কেটে। তার মত আরো অনেকে বিভিন্ন বাজারে মাছ কেটে তার পরিবার চালাচ্ছেন।
বিপ্লব প্রতি সেমাবার ও শুক্রবার বাগিচাহাটে, বুধবার ও শনিবার খানহাটে, মাঝে মধ্যে দোহাজারী বাজারে মাছ কেটে আয় করেন। এভাবে যে আয় হয় তা দিয়ে চলে তার সংসার।
বিপ্লব জানান, মাছ কাটার কাজ শিখে বিগত ৭ বছর ধরে এ পেশায় রয়েছেন। প্রতি কেজি মাছ কাটা বাবদ তাকে ২০ টাকা করে দেয়। প্রতিদিন বাজার বারে তার আয় হয় ৮’শ থেকে ১ হাজার টাকা। তার স্ত্রী, মা, এক মেয়ে নিয়ে সংসার। সপ্তাহে একদিন কোন বাজারে না গিয়ে সংসারে সময় দেয় বলে জানান। তার নিজস্ব কোন মূলধন বা চাকরি করার কোন অভিজ্ঞতা না থাকায় তিনি মাছ কাটাকেই পেশা হিসাবে নিয়েছেন। বন্ধুদের পরামর্শে দা, বটি, ছুরি, কাঁচি ক্রয় করে বাজারে মাছ কাটার কাজ শুরু করে। প্রতি বাজার বারে কাজের চাপের কারণে অনেক সময় খাবার পর্যন্ত খেতে পারেন না বলে জানান। পরিবার নিয়ে সুখে আছে বলে জানিয়ে তিনি বলেন, শারীরিকভাবে সুস্থ থাকলে এ কাজ করে চলবে তার সারা জীবন।
মাছ ক্রেতা আবুল হোসেন বলেছেন, বিপ্লব দাশের মাছ কাটা ও তার ব্যবহার ভালো। ক্রেতাদের ভাল সার্ভিস দেয়ায় বিপ্লবের উপর সবাই সন্তুষ্ট। পরিবেশ পরিচ্ছন্ন রেখে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখেন তিনি। বাজার থেকে মাছ কেটে বাসায় নিয়ে গেলে পানিতে ধৌত করেই রান্না করা যায়। একইভাবে চন্দনাইশ পৌরসভার হারলা সুনিক সর্দ্দার, হৃদয় সর্দ্দার, মৃদুল সর্দ্দার, আকাশ সর্দ্দারসহ অনেকে এ পেশার সাথে জড়িত থেকে সংসারে অভাব গুছাচ্ছে।










