নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়ন ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ফেল থেকে পাস করেছে ৩৯৩ শিক্ষার্থী। আর নতুন করে ৩২ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। গতকাল রবিবার এসব তথ্য নিশ্চিত করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।
তিনি বলেন, চলতি বছর মোট ২৮ হাজার ৩৪১ জন শিক্ষার্থী পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। তাদের ১ লাখ ১০ হাজার ২২৯টি খাতা পুনরায় মূল্যায়ন করা হয়। পুনর্মূল্যায়নের পর ১ হাজার ২৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৩৯৩ জন শিক্ষার্থী। এর আগে গত ১৬ অক্টোবর সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশিত হয়। ঘোষিত ফলাফলে পাসের হার দেখা যায় ৫২ দশমিক ৫৭ শতাংশ। যা গতবছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ কম। একইভাবে গতবছরের চেয়ে প্রায় ৪ হাজার কমে জিপিএ-৫ পায় ৬ হাজার ৯৭ জন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম জেলা ও মহানগর, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার মিলিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।এর মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। পাসের হার এসেছে ৫২ দশমিক ৫৭ শতাংশ। গতবার পাসের এই হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী।











