চট্টগ্রাম বন্দর ভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

5

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি টার্মিনালসহ বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর ভবন অভিমুখে পদযাত্রার চেষ্টা করেছে ‘বন্দর রক্ষা পরিষদ’। তবে পুলিশের বাধার মুখে তাদের যাত্রা সফল হয়নি। গতকাল সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদ মোড় থেকে চট্টগ্রাম বন্দর ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে পদযাত্রা বারিক বিল্ডিং মোড় পার হতে দেয়নি পুলিশ। এসময় সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে ‘বন্দর রক্ষা পরিষদ’।
সমাবেশে বক্তারা বলেন, বন্দরের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা সিসিটি ও এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র কোন ভাবেই সহ্য করা হবে না। কারণ বন্দর একতরফাভাবে ইজারার সিদ্ধান্ত বিগত সরকারের সময় নেয়া। যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহাল রেখেছে। এটি অত্যন্ত দুঃখজনক। দেশের কৌশলগত সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয়ার এই চক্রান্ত জনগণ কখনো মেনে নেবে না। সরকারকে অবিলম্বে এনসিটি, সিসিটি ও লালদিয়ার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা ইজারা দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
সমাবেশে বন্দর রক্ষা পরিষদের আহব্বায়ক হাসান মারুফ রুমী বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি সিসিটি ও এনসিটি কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানকে দিতে দেব না। আমরা আন্দোলন চালিয়ে যাব। উনারা মুখস্থ বলে দিচ্ছেন বন্দরের সক্ষমতা কম। অথচ এনসিটি বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় চলছে। রেকর্ড আয় করেছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছে। এনসিটি বিদেশিদের হাতে তুলে দিয়ে বাংলাদেশের অস্তিত্ব সংকটে ফেলা আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। আমরা বন্দর রক্ষা করব। আমরা আমাদের দেশ রক্ষা করব।