ক্রীড়া প্রতিবেদক
দেশের বিভিন্ন অঞ্চলে পেশাদার কোচ তৈরি ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে লেভেল-এ ক্রিকেট কোচিং কোর্স চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে চট্টগ্রাম সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফেটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ভবনে সোমবার সন্ধ্যায় তিন দিন ব্যাপী কোর্সের সমাপ্তি হয়। তিন দিনব্যাপী এই কোচিং কোর্সে অংশ নিয়েছেন চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে আসা ৩০জন সম্ভাবনাময় কোচ। বিসিবি’র লেভেল-৩ প্রশিক্ষক গোলাম ফারুক চৌধুরী সুরু, ওয়াহিদুল গনি, নাছির উদ্দিন ফারুক, ইমদাদুল হক এবং ট্রেইনার মোরশেদ হাসান সিজার কোর্সটি পরিচালনা করেন এবং আধুনিক কোচিং পদ্ধতি, টেকনিক ও খেলোয়াড় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, এই আঞ্চলিক উদ্যোগ দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ ক্রিকেট প্রতিভা গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী (আবির)। সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস ক্রিকেট কমিটির সাবেক সম্পাদক আবদুল হান্নান আকবর, চট্টগ্রাম ভেন্যুর ম্যানেজার সাবেক খেলোয়াড় ফজলে বারী খান রুবেল বিশেষ অতিথি ছিলেন।
কোর্সের উদ্যোগ গ্রহনকারী বিসিবি পরিচালক আহসান ইকবাল চৌধুরী বলেন, এই কোর্সের মাধ্যমে ক্রিকেট বিকেন্দ্রিকরণ এবং তৃণমুল ক্রিকেটকে শক্তিশালী করার একটি পদক্ষেপ গৃহীত হয়েছে। কোর্সটি আয়োজন এবং পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।











