নিজস্ব প্রতিবেদক
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত চট্টগ্রামের চার নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে চট্টগ্রাম উত্তর জেলাধীন জোরারগঞ্জ থানা যুবদলের আহব্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহব্বায়ক মো. কামাল উদ্দিন এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম আজমকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
তবে তাদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর মাধ্যমে চারজনকেই দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি সম্প্রতি তৃণমূল সংগঠনগুলোর সাংগঠনিক পুনর্গঠন ও ঐক্য জোরদারের লক্ষ্যে বেশ কয়েকজন বহিষ্কৃত নেতাকে পুনর্বহাল করছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার এই চার নেতাকর্মীকেও পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হলো।











