চকরিয়া প্রতিনিধি
চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ জসিম হাওলাদার (৩৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাছির আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় একটি প্রাইভেট নোয়া গাড়িতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। এ সময় মোহাম্মদ জসিম হাওলাদারকে আটক ও ইয়াবা পাচারকাজে ব্যবহৃত নোয়া গাড়ি এবং একটি বিভো স্মাট মোবাইল সেট জব্দ করে পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আটক মোহাম্মদ জসিম হাওলাদার পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ছলিমপুর এলাকার শফি হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, মহাসড়ক দিয়ে একটি ইয়াবার বড় চালান কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়ার খবর পেয়ে গতকাল ভোররাতে মহাসড়কের ডুলাহাজারা রিংভং এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ভোররাত সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেট নোয়া গাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির সিটের নিচে লোকানো অবস্থা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে ইয়াবা পাচারের দায়ে যুবক মোহাম্মদ জসিম হাওলাদারকে আটক ও তার ব্যবহৃত নোয়া গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ২০ হাজার পিস ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।











