চকরিয়া প্রতিনিধি
চকরিয়ায় একটি বিপণন কোম্পানির অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে নবী হোসেন বাবু (১৯) নামের একজন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে চকরিয়া পৌর এলাকার এটিএন পার্ক কনভেনশন হল থেকে পুলিশ তাকে আটক করে। আটক নবী হোসেন বাবু উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া গ্রামের ছৈয়দ হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফাঁসিয়াখালী ইউনিয়ন সহ-সভাপতি।
জানা যায়, সোমবার রাতে চকরিয়া পৌর সদরের এটিএন পার্ক কনভেনশন হলে বিপণন কোম্পানি ডায়মন্ড সিমেন্টের ট্যালেন্টহান্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কিছু উচ্ছৃঙ্খল যুবক জয় বাংলা স্লোগান দিয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে নবী হোসেন বাবু নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, পৌর সদরের এটিএন পার্কের একটি অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। বিষয়টি জানার পর অভিযান চালিয়ে নবী হোসেন বাবু নামে একজন ছাত্রলীগ নেতাকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











