চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় সৈকত এক্সপ্রেস নামে একটি ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় রেজু আরা বেগম (৫২) নামের এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে এদিন দুপুরে কক্সবাজার রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ইঞ্জিন বগির ধাক্কায় নিহত রেজুআরা বেগম উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালাকাটা উলুঘোনা এলাকার গোলাম কাদেরের স্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে তিনি নিজ বাড়ি থেকে চিকিৎসার জন্য বের হয়ে চকরিয়া পৌর সদরে যাচ্ছিলেন।
কক্সবাজার রেলওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ শাহজালাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ডাক্তার দেখাতে নিজ বাড়ি থেকে বের হন বৃদ্ধা রেজুআরা। ১১ টার দিকে তিনি পায়ে হেঁটে বাড়ির অদূরে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। বিষয়টি অবগত হওয়ার পর কক্সবাজার থেকে রেলওয়ে পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এলাকাবাসীর সামনে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।











