মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আনোয়ার (৩৫)। গতকাল রবিবার দুপুরে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত আনোয়ার পালিয়ে যান।
অভিযুক্ত যুবক আনোয়ার হোসেন হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ভুট্টু মিয়ার ছেলে বলে জানা গেছে।
ধর্ষণের শিকার ওই শিশুটির মামা অভিযোগ করে বলেন, আমার ১১ বছর বয়সী ভাগ্নি রবিবার দুপুরে বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যায়। এসময় ইসলামপুর এলাকার আনোয়ার তাকে একা পেয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইসমাইল বলেন, রবিবার বিকেলে ধর্ষণের শিকার এক শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেছি।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।











