ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা হাসনাবাদ রেঞ্জে গাছ চোরাকারবারিদের হামলায় বন বিভাগের দুই কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে হাসনাবাদ বিটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রেঞ্জ কর্মকর্তা সিফাত আল রাব্বি ও বিট কর্মী সোহেল।
নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান জানান, হাসনাবাদ বিটের পশ্চিম পাশে সরকারি রিজার্ভ বাগান থেকে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট গোপনে ম‚ল্যবান গাছ কেটে পাচার করে আসছিল। গত রবিবার ভোরে তারা আবারও গাছ কাটতে গেলে রেঞ্জ কর্মকর্তা রাব্বি ও কর্মী সোহেল বাধা দেন। এ সময় চোরাকারবারিরা তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) শফিকুল ইসলাম বলেন, সরকারি বনে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা।











