গম্ভীরের সঙ্গে রোহিত-কোহলির দ্বন্দ্ব: উত্তপ্ত ভারতীয় ক্রিকেট

1

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ভারতীয় শিবিরে কিছুটা স্বস্তি ফিরলেও, দলের অন্দরমহলের খবর মোটেও সুখকর নয়। অস্ট্রেলিয়া সিরিজের হতাশা ও প্রোটিয়াদের কাছে টেস্টে হোয়াইটওয়াশের ক্ষতে এই জয় কিছুটা প্রলেপ দিলেও, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দলের দুই সিনিয়র তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্পর্কের টানাপোড়েন এখন শিরোনামে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটি ভারতের মাত্র দ্বিতীয় ওয়ানডে সিরিজ। ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা কিছুটা কমলেও রোহিত-কোহলি জুটির উপস্থিতি দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। ব্যাট হাতে দুজনেই আছেন দুর্দান্ত ফর্মে। রোহিতের সা¤প্রতিক স্কোরগুলো হলো ৭৩, ১২১ (অপরাজিত) ও ৫৭। অন্যদিকে কোহলির ব্যাট থেকে এসেছে অপরাজিত ৭৪ ও ১৩৫ রানের ইনিংস। মাঠ ও সোশ্যাল মিডিয়ায় ভক্তরা এই জুটিকে নিয়ে উচ্ছ্বসিত।
ভারতীয় দৈনিক জাগরণের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাঠের পারফরম্যান্স ভালো হলেও ড্রেসিংরুমের পরিবেশ থমথমে। প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে রোহিত ও কোহলির সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়, বরং অনেকটাই ‘শীতল’ পর্যায়ে পৌঁছেছে।
অস্ট্রেলিয়া সিরিজের সময় অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের মধ্যে নাকি কোনো কথাই হয়নি। একইভাবে, চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজেও কোহলি ও গম্ভীরের মধ্যে খুব একটা কথাবার্তা হচ্ছে না। এছাড়া সোশ্যাল মিডিয়ায় রোহিত-কোহলি ভক্তরা নিয়মিত গম্ভীরকে আক্রমণ করায় বিসিসিআই বেশ অসন্তুষ্ট।